কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন কথিত সন্ত্রাসী সংগঠন ‘হালিম গ্রুপ’-এর প্রধান আব্দুল হালিম।
মঙ্গলবার (৫ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ৮/ইস্ট ব্লকের লাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক মো. সিরাজ আমিন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যাম্পের ভেতরে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে একাধিক সশস্ত্র গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী আব্দুল হালিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হালিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার আগেই তিনি মারা যান। হামলার পরপরই অভিযুক্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক সিরাজ আমিন জানান, ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এদিকে, এ হত্যাকাণ্ডের পর ক্যাম্প এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকে। এ ধরনের সহিংসতা নিয়ন্ত্রণ করা স্থানীয় প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিনিধি/টিবি




