মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ঢাকা

যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে চুল কেটে দিল স্বামী-শাশুড়ি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

যৌতুক না পেয়ে গৃহবধূকে পিটিয়ে  চুল কেটে দিল স্বামী-শাশুড়ি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর এলাকায় যৌতুকের টাকার দাবিতে মীম আক্তার (২০) নামের এক গৃহবধূকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ মে) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মীম আক্তার আখাউড়ার আজমপুরের জহিরুল ইসলামের মেয়ে। তার স্বামী দিনু মিয়া রামধননগর এলাকার ইসহাক মিয়ার ছেলে৷


বিজ্ঞাপন


ভুক্তভোগী মীম আক্তারের অভিযোগ, তার স্বামী দিনু মিয়া ব্যবসার জন্য তার বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা এনে দিতে চাপ দেন। কিন্তু সময়মতো টাকা এনে দিতে না পারায় দিনু মিয়া ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গাল ও হাতে আঘাত করেন এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরে তার শাশুড়ির সহযোগিতায় মাথার চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আমাকে প্রায়ই যৌতুকের টাকার জন্য চাপ দেওয়া হতো। এবার টাকা দিতে না পারায় তারা আমার ওপর নির্যাতন চালায় এবং অপমান করার জন্য চুল কেটে দেয়।” দুপুরে ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মাথার চুলসহ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, ভুক্তভোগীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত দিনু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর