নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের এক শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যাচেষ্টা মামলার ঘটনায় সেই বাদীর বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার(৫ মে) দুপুরে এই মামলার আদেশ দিয়েছেন নাটোরের নারী ও শিশু নির্যাতনের দমন ট্রাইবুনালের বিচারক মো. রফিকুল ইসলাম।
বিজ্ঞাপন
ভুক্তভোগী ওই শিশু হোসেন আলী গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। মামলার বাদীর নাম শাহানুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল রোববার দুপুরে নাটোর ওই শিশু তার বাবার সঙ্গে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মামলার বাদীর এজাহার পর্যালোচনায় দেখেন, মামলার এজাহারে ২১ বয়স উল্লেখ করা ব্যক্তির বয়স ৭ বছর।। কাগজপত্রাধি পর্য়ালোচনা করে সেইদিন আদাতের বিচারক ওই শিশুর জামিন মঞ্জুর করেন। সঙ্গে সঙ্গে বাদীকে কারণ দর্শানোর নির্দেশ দেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বখতিয়ার হোসেন ও বাদী শাহানুর রহমান হাজির হন। আদালতে ভুল তথ্য দেওয়ার অপরাধে বাদীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। একই সঙ্গে ভুক্তভোগী ওই শিশুকে ৭ দিনের মধ্যে মামলা থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন আদালত।
আদালতে তদন্তকারী কর্মকর্তার জানান, মামলার তদন্ত কাজে তিনি অভিযুক্ত ব্যক্তিদের খোঁজে যান এলাকায়। মামলার পর থেকেই অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে চলে যায়। প্রাথমিকভাবে সম্ভব হয়নি তাদের বয়স যাচাই করা।
নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা জানান, একজন বিনা অপরাধ শাস্তি পেতে পারেন না। সংশ্লিষ্ট সবাইকে সঠিকভাবে যাচাই-বাছাই করে তথ্য সরবরাহ করা উচিত। এ বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে




