চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের ধাক্কায় আবিরা জাহান নুসরাত (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত নুসরাত জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে। একই এলাকার উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সালমান বাপ্পী বলেন, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল আবিরা জাহান নুসরাত। এসময় মহাসড়ক পার হওয়ার সময় জোনাকি পরিবহনের বেপরোয়া গতির একটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হয়।মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে নেওয়ার পথে শারীরিক অবস্থার অবনতি হলে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ড. শারমিন বলেন, দুপুর ১টার দিকে আবিরা জাহান নুসরাত নামে এক শিশুকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা নিরীক্ষা শেষে দেখা যায়, হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে।
যোগাযোগ করা হলে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. শরিফুজ্জামান ভূইয়া বলেন, মঙ্গলবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির বাসের ধাক্কায় আবিরা জাহান নুসরাত নামে এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম মেডিকেল নেওয়ার পথে মারা গেছে শুনেছি। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে




