চাঁদপুরের কচুয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে টাস্কফোর্সের বিশেষ ব্লক-রেইড অভিযানে মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও নগদ অর্থ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মে) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।
বিজ্ঞাপন
অভিযানে অংশগ্রহণকারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন। অভিযানে জেলা পুলিশ ও টাস্কফোর্সের সদস্যরা অংশগ্রহণ করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. শরিফ হোসেন (৩০), আরিফ হোসেন (২৮), মির হোসেন (৬০), আলমগীর হোসেন (৪৬) এবং সিউলি বেগম (৪০)। তাদের সবার বাড়ি উপজেলার গোহট উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়, ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার শরিফ হোসেন ও আরিফ হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, মির হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, আলমগীর হোসেন ও সিউলি বেগমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ হাজার টাকা করে জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আবু রেজা মেহেদী হাসান ও উপ-পরিদর্শক মো. সোহেল রানা।
বিজ্ঞাপন
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান বলেন, অভিযানের সময় গ্রেফতার ব্যক্তিদের মাদক সেবনরত ও মাদক কারবারে জড়িত অবস্থায় পাওয়া যায়। অভিযানে ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এজে




