খুলনা নগরীতে সন্ত্রাসী হামলায় রাজু হাওলাদার (৩৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সকে লক্ষ্য করে আবারও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৪ এপ্রিল) নগরীর লবণচরা থানার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। রাজু হাওলাদার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইউনুস হাওলাদার।
বিজ্ঞাপন
গুরুতর আহত অবস্থায় রাজুকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গভীর রাতে তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু পথেই আবার ঘটে আরেক দফা হামলা। রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। এতে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক দ্রুত উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে গাড়িটি কাটাখালী হাইওয়ে থানায় নিয়ে গিয়ে আশ্রয় নেন। পরবর্তীতে হাইওয়ে পুলিশের নিরাপত্তায় আবারও ঢাকার উদ্দেশে যাত্রা করে অ্যাম্বুলেন্সটি।
চালক ফারুক জানান, হাসপাতাল থেকে রওয়ানা দেওয়ার পর হঠাৎ করেই আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একটি গুলি গাড়িতে লাগে। তখনই আমি দ্রুত থানায় চলে যাই।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, গুলিবিদ্ধ রোগীকে বহনকারী অ্যাম্বুলেন্সে হামলার ঘটনা অত্যন্ত গুরুতর। আমরা তাৎক্ষণিক সহায়তা দিয়ে নিরাপদে তাদের গন্তব্যের পথে পাঠিয়েছি।
বিজ্ঞাপন
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, লবণচরা এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আমরা জেনেছি। তবে হামলার সুনির্দিষ্ট স্থান ও সময় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্যও পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রতিনিধি/এসএস




