ঝালকাঠি সদর উপজেলায় সমাপ্তী আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কেওড়া ইউনিয়নের বেলদাখান গ্রামে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সমাপ্তী কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং ওই এলাকার জাকির হোসেনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় থেকে বাসায় ফেরার পর গোসল ও খাওয়া-দাওয়া শেষে প্রাইভেট পড়তে যাওয়া নিয়ে সমাপ্তীর সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে সে নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
প্রতিনিধি/একেবি




