চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম নিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে এর প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ‘ঘৃণা মিছিল’ করেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা।
সোমবার (৪ মে) সন্ধ্যায় বিএনপিপন্থী আইনজীবীদের বিরুদ্ধে এই বাধার অভিযোগ তোলেন আওয়ামী লীগপন্থী সাধারণ আইনজীবী ফোরামের সভাপতি পদপ্রার্থী ও সাবেক পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, সোমবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবনের বার লাইব্রেরিতে মনোনয়ন ফরম নিতে যান আওয়ামী লীগপন্থী একদল আইনজীবী। তারা এবার ‘সাধারণ আইনজীবী ফোরাম’ ব্যানার থেকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছিলেন।
আবদুর রশিদ অভিযোগ করেন, “আমাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ভেতর থেকে বিএনপিপন্থী আইনজীবীরা আমাদের বাধা দিয়েছেন। বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে অনেক চেষ্টা করেও সাধারণ আইনজীবী ফোরামের কেউ ফরম সংগ্রহ করতে পারেননি।”
মনোনয়ন ফরম না পেয়ে সাধারণ আইনজীবী ফোরামের সদস্যরা ‘ভোট চোর’, ‘ভুয়া ভুয়া’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ওই সময় বিএনপিপন্থী আইনজীবীরা সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোল শুরু হয়। পরে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা মুখে কালো কাপড় বেঁধে আদালত প্রাঙ্গণে ঘৃণা মিছিল করেন।
অভিযোগের বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রামের সদস্য সচিব কামরুল ইসলাম চৌধুরী বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।’ তবে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী অ্যাডভোকেট রওশন আরা জানিয়েছেন, বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে যারা মনোনয়ন ফরম নিতে এসেছেন, তাদের সবাইকে ফরম দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গতবার অনুষ্ঠিত জেলা আইনজীবী সমিতির নির্বাচনেও আওয়ামী লীগপন্থীদের অংশগ্রহণে বাধার অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত ওই নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন।
প্রতিনিধি/একেবি




