সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জনের প্রাণহানি

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ 
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জনের প্রাণহানি

সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। সিলেটের পর এবার সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান, সোমবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালপুর এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান। আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়।


বিজ্ঞাপন


অন্যদিকে, দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পৃথক আরও একটি সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

সিলেট থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাস ও সিএনজিটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, সদর উপজেলার নারায়ণপুর এলাকায় দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে গত রোববার সকালে সিলেটের তেলি বাজার এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ৯ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়, যাদের মধ্যে ৭ জনের বাড়িই ছিল সুনামগঞ্জ জেলায়। সেই শোক কাটতে না কাটতেই জেলায় নতুন করে এই প্রাণহানির ঘটনা ঘটল।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর