সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

জনদুর্ভোগ নিরসনে তাৎক্ষণিক উদ্যোগ

এমপির ফোনে মোটরসাইকেলে ছুটে গেলেন ইউএনও

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

এমপির ফোনে মোটরসাইকেলে ছুটে গেলেন ইউএনও

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় নারীদের অংশগ্রহণে আয়োজিত এক উঠান বৈঠকে ব্যতিক্রমী এক চিত্র দেখা গেছে।

স্থানীয় জনগণের অভিযোগ ও সমস্যার কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সরাসরি হস্তক্ষেপ করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তার ফোন পেয়ে দ্রুত মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থলে ছুটে আসেন পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নওহাটা পৌরসভার প্রশাসক ইবনুল আবেদীন।


বিজ্ঞাপন


সোমবার (৪ মে) সকাল ১০টার দিকে পবা উপজেলার নওহাটা পৌরসভার ভুগরইল ভোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নারীদের নিয়ে আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

বৈঠকে অংশগ্রহণকারী নারীরা পর্যায়ক্রমে তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যার মধ্যে ছিল সৌর বিদ্যুৎ চালিত সড়ক বাতির (সোলার স্ট্রিট লাইট) অভাব, রাতের অন্ধকারে চলাচলের ঝুঁকি ও দুর্ঘটনার শঙ্কা এবং ড্রেন নির্মাণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ। সংসদ সদস্য অত্যন্ত মনোযোগ দিয়ে তাঁদের অভিযোগগুলো শোনেন এবং তা নোট করে নেন।

এ সময় রুমা বেগম নামে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, ‘আমরা বিএনপি করি বলে আমার বাড়িসহ এই এলাকায় সৌর বিদ্যুতের লাইট দেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন অন্ধকারে চলাচল করতে গিয়ে আমাদের অনেক দুর্ঘটনার শিকার হতে হয়েছে।’

এমন অভিযোগ শোনার পরপরই সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন তাৎক্ষণিকভাবে পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীনকে ফোন করে ঘটনাস্থলে আসার নির্দেশ দেন। এমপির ফোন পেয়ে কোনো বিলম্ব না করে ইউএনও মোটরসাইকেলে চড়ে দ্রুত সেখানে পৌঁছে যান। ঘটনাস্থলে এসে তিনি স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত সমস্যার কথা শোনেন এবং তা নিজের ডায়েরিতে লিপিবদ্ধ করেন।


বিজ্ঞাপন


এ সময় তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে। আমরা জনগণের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শুনেছি। সৌর বিদ্যুৎসহ যেসব নাগরিক সুবিধার ঘাটতির কথা উঠে এসেছে, সেগুলো যাচাই করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সরকারি সেবা সবার জন্য সমান, এখানে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়।’

বৈঠকে সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমি আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। মানুষের দোরগোড়ায় গিয়ে তাঁদের সমস্যা শোনা এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য।’ তিনি আরও যোগ করেন, উন্নয়ন কার্যক্রমে রাজনৈতিক পরিচয় কোনো বাধা হওয়া উচিত নয় এবং সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করা হবে।

জনপ্রতিনিধি ও প্রশাসনের এমন সমন্বিত ও তাৎক্ষণিক পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে সন্তোষ দেখা গেছে। বিশেষ করে নারীরা সরাসরি নিজেদের সমস্যা তুলে ধরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন।

এর আগে একই দিনে নওহাটা পৌরসভার ভুগরইল চিশতীয়া মোবারকীয়া খানকাহ শরীফের নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য।

এ সময় পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, নওহাটা পৌরসভার সাবেক কাউন্সিলর আবু সুফিয়ান, কেন্দ্রীয় কৃষক দলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর মতে, এমন উদ্যোগ সাধারণ মানুষের কাছে প্রশাসনের জবাবদিহিতা ও সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর