সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

নলছিটিতে গরু বিক্রি হবে বলে ডেকে নিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

নলছিটিতে গরু বিক্রি হবে বলে ডেকে নিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

ঝালকাঠির নলছিটিতে গরু বিক্রির কথা বলে ডেকে নিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মামুন হাওলাদার নলছিটি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোমবার (৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার কুমারখালী বাজারে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


অভিযোগ সূত্রে জানা যায়, নলছিটি পৌরসভার সূর্যপাশা এলাকার বাসিন্দা ও গরু ব্যবসায়ী মামুন হাওলাদার দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারে গরু জবাই ও মাংস বিক্রির সঙ্গে জড়িত। দুপুরে তার সহযোগী আনছার হাওলাদারের মোবাইলে একটি অজ্ঞাত নম্বর (০১৭৭১১৭৭৭৪৫) থেকে ফোন আসে। ফোনে জানানো হয়, একটি গরু বিক্রি করা হবে এবং দ্রুত টাকার প্রয়োজন, এ জন্য তাদের কুমারখালী বাজারে যেতে বলা হয়। পরে মামুন হাওলাদার, ইলিয়াস হাওলাদার ও আনছার হাওলাদার ঘটনাস্থলে গেলে বাজারের উত্তর পাশে জাগুয়ার যাওয়ার রাস্তার কাছে আগে থেকে ওত পেতে থাকা ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি তাদের ঘিরে ফেলে।

অভিযোগে বলা হয়, ওই ব্যক্তিরা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে তারা মামুন হাওলাদারের কাছে থাকা গরু কেনাবেচার নগদ ২ লাখ ৮৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এসময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদেরও ভয় দেখিয়ে সরিয়ে দেয় বলে অভিযোগ করা হয়।

মামুন হাওলাদার জানান, টাকা ফেরত চাইলে তাকে মারধর করা হয়। পরে অভিযুক্তরা তাদের নদীর চরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে আনছার হাওলাদার অসুস্থ হয়ে পড়ায় তারা সে চেষ্টা ব্যর্থ হয়। পরে স্থানীয় লোকজন জড়ো হলে অভিযুক্তরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরিফুল আলম বলেন, লিখিত অভিযোগ দিয়ে থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর