প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ায় কষ্টে হাসান শিকদার (২২) নামের এক যুবক ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারের ওপর উঠে সেখান থেকে লাফ দেওয়ার হুমকি দেন।
খবর পেয়ে হাসানের এক বন্ধু, পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন কৌশলে তাকে বুঝিয়ে ৪ ঘণ্টা পর নিচে নামিয়ে আনতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
রোববার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে মাদারীপুরের শিবচরে এই ঘটনা ঘটে।
হাসান শিকদার জেলার শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে।
জানা যায়, হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। প্রেম বিচ্ছেদে কাতর হাসান রোববার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকার ৪শ ৬০ ফুট উঁচু এক বৈদ্যুতিক টাওয়ারে ওঠে পড়েন। সেখান থেকে প্রেমিকাকে ফোনে সম্পর্ক টিকিয়ে রাখা ও টাওয়ারের নিচে আসতে অনুরোধ করেন তিনি। তা না হলে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার কথা জানান। বিষয়টি জানতে পেরে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টাওয়ারের ওপরে তার কাছে যান। সেখানে পৌঁছে হাসানকে নিচে নামতে বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করতে থাকেন। এদিকে, খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের লোকজন ও হাসানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাসানকে নিচে নামতে অনুরোধ করেন। এভাবে দীর্ঘ সময় পর রাত ১০টার দিকে হাসানকে নিয়ে তার বন্ধু নিচে নেমে আসেন। পরে পুলিশ স্থানীয় জনরোষ থেকে কঠোর নিরাপত্তায় হাসানকে শিবচর থানায় নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর করে। এদিকে, হাসান উঁচু টাওয়ারে ওঠার পর থেকেই টাওয়ারের নিচে হাজারো উৎসুক জনতার ভিড় নামে।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪ ঘণ্টা ফোনে বিভিন্নভাবে বুঝিয়ে শুনিয়ে হাসানকে টাওয়ার থেকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি




