রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

রংপুরে বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, প্রাণ গেল ছেলের

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

রংপুরে বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, প্রাণ গেল ছেলের

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে লিমন মিয়া (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) বেলা ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে আখিরা নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


লিমন মিয়া মাদারপুর গ্রামের গোফফার আলীর একমাত্র ছেলে। সম্প্রতি তিনি বিয়েও করেছেন লিমন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোফফার আলী বাড়ির পাশে আখিরা নদী সাঁতরিয়ে নিজের জমিতে কাটা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতের কারণে তিনি ডুবে যেতে থাকেন। এসময় বাঁচার জন্য চিৎকার শুরু করেন গোফফার আলী। তীরে থাকা ছেলে লিমন মিয়ার সাঁতার ভালো জানা না থাকলেও বাবাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন তিনি। কিন্তু বাবার কাছে পৌঁছানোর আগেই লিমন মিয়া নিজেই স্রোতের টানে তলিয়ে যান। পরে স্থানীয়রা নদী থেকে লিমনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। অন্যদিকে, লিমনের বাবা গোফফার আলীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রামনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহ জালাল বলেন, বাবাকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লিমনের বাবাকেও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জানে না তার রক্তের ধন ছেলে আর এ পৃথিবীতে নেই। তার  বংশের একমাত্র ছেলে ছিল লিমন। 

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর