রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

আট বছর পর বরিশাল ছাত্রদলের আহ্বায়ক কমিটি

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৭:০৫ পিএম

শেয়ার করুন:

আট বছর পর বরিশাল ছাত্রদলের আহ্বায়ক কমিটি

দীর্ঘ আট বছর পর বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। শনিবার (৩ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এ কমিটি প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, আহ্বায়ক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


ঘোষণা অনুযায়ী, বরিশাল মহানগর ছাত্রদলের কমিটিতে এনামুল হাসান তাসনিমকে আহ্বায়ক এবং নাভিদ রহমান খান তুষারকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে মাহামুদ হাসান তানজিলকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হয়েছেন- আহাদ হোসাইন, মাজারুল ইসলাম, সজল তালুকদার, খালেদ হোসেন, হুমায়ুন কবির খান, জহির রায়হান, সাদ্দাম হোসেন, সিহাব ববি, আল-আমিন হাসান ও রাকিব তালুকদার।

অপরদিকে বরিশাল জেলা কমিটিতে তৌফিকুল ইসলাম ইমরানকে আহ্বায়ক এবং আল আমিন মৃধাকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আসিফ আল মামুনকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন- আব্দুল কাদের মোল্লা, ইমরান আহমেদ ইব্রাহিম, জাহিদুল ইসলাম, জাহিদ সাকিন, মহসিন শিকদার, আরিফ হোসেন, ইমতিয়াজ চৌধুরী, রফিকুল ইসলাম মৃধা ও সৈয়দ মাহমুদ হাসান।

জেলা আহ্বায়ক কমিটির নতুন সদস্য সচিব আল আমিন মৃধা বলেন, ‘দীর্ঘদিন পর ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় তৃণমূল কর্মীদের মধ্যে যে হতাশা ছিল তা দূর হয়ে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন করে সংগঠনকে গতিশীল করার জন্য যথাযথভাবে কাজ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।’

নতুন দায়িত্ব পেয়ে মহানগরের কমিটির আহ্বায়ক এনামুল হাসান তাসনিম বলেন, ‘সংগঠনকে আরও সক্রিয় ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেব’।


বিজ্ঞাপন


বরিশাল মহানগর ও জেলা ছাত্র দলের আগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল ২০১১ সালে। এর সাত বছর পর ২০১৮ সালের ১৮ আগস্ট, একইদিনে দুইটি ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হলেও সেই নেতৃত্বই দীর্ঘদিন দায়িত্বে ছিল। এর প্রায় আট বছর পর নতুন এ কমিটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর