পাঁচ দিনের আলটিমেটাম দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৬০ শিক্ষকের পদোন্নতির দাবিতে চলমান কর্মবিরতি শিথিল করা হয়েছে। এ সময়জুড়ে শিক্ষার্থীদের সেশনজট এড়াতে ক্লাস-পরীক্ষা নেওয়া হবে। তবে আগামী ৮ মে অনুষ্ঠিতব্য ববির সিন্ডিকেটে বিষয়টি সমাধান না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
রোববার দুপুরে ববিতে আন্দোলনরত শিক্ষকদের সভায় এ সিদ্ধান্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন আন্দোলনরত শিক্ষকদের একজন ববির সমাজকর্ম বিভাগের শিক্ষক মুস্তাকিম বিল্লাহ।
বিজ্ঞাপন
মুস্তাকিম বিল্লাহ বলেন, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে আমাদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। তাই আগামী পাঁচ দিন অ্যাকাডেমিক কার্যক্রম চললেও কোনো দাপ্তরিক কাজ করবে না শিক্ষকরা। ৮ মে ববির সিন্ডিকেট অনুষ্ঠিত হবে। সেদিন আমাদের দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না পেলেই কঠোর আন্দোলনে যাবো। তবে শিক্ষার্থীদের কোনো ক্ষতি যাতে না হয় সেদিকে খেয়াল রেখে আমাদের আন্দোলন চলবে।
এর আগে, গত ২১ এপ্রিল থেকে শিক্ষকদের পদোন্নতির দাবিতে এ আন্দোলন শুরু হয়। ফলে এখানকার ১০ সহস্রাধিক শিক্ষার্থী সেশনজটের আশঙ্কায় পড়ে যায়। এরপর ববি প্রশাসন, বরিশালের প্রশাসনিক কর্মকর্তা ও আন্দোলনরত শিক্ষকদের নিয়ে গত বৃহস্পতিবার ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেই বৈঠকে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়। তারপরই শিক্ষকরা রোববার সভা করে কর্মবিরতি শিথিল করেছে। তবে, আগামী ৮ মে অনুষ্ঠিতব্য সিন্ডিকেটে শিক্ষক পদোন্নতি সংক্রান্ত বিষয় নিয়ে যথাযথ পদক্ষেপ না নিলে ১০ মে থেকে কঠোর আন্দোলনে যাবেন শিক্ষকরা।
আন্দোলনরত শিক্ষকদের দাবি, এখানকার ৬০ শিক্ষকের সব যোগ্যতা অর্জনের পরও ববি প্রশাসন তাদের পদোন্নতি দিচ্ছে না। এতে শিক্ষকরা তাদের কাজের মূল্যায়ন থেকে বছরের পর বছর বঞ্চিত হচ্ছে। এ বিষয় নিয়ে ববি প্রশাসনের উদাসীনতার কারণে তারা ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছেন।
অন্যদিকে ববি প্রশাসন বলছে, তাদের ২০১৫ সালের বিধি অনুযায়ী পদোন্নতি দিতে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু ইউজিসি চিঠি দিয়ে সেই পদোন্নতি কার্যক্রম আটকে দিয়ে ২০২১ সালের অভিন্ন নীতিমালা অনুসরণ করে পদোন্নতি দিতে বলে। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় অভিন্ন নীতিমালায় যুক্ত হলেও ববিসহ তিনটি বিশ্ববিদ্যালয় তা করেনি। তাই আগে ২০২১ সালের নীতিমালা সিন্ডিকেট পাস করে ইউজিসির অনুমোদনের পর পদোন্নতি দেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে




