বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি জেলে নৌকা ডুবে নিখোঁজ দুই জেলের সন্ধান এখনও মেলেনি।
রোববার (৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (২ মে) বিকেলে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তরচর গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন (২০) ও একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সরদার (২১)।
নৌকা থেকে জীবিত ফিরে আসা জেলে মামুন জানান, বিকেলে তারা চারজন মিলে নদীতে জাল তুলছিলেন। হঠাৎ আকাশ কালো করে প্রচণ্ড বেগে কালবৈশাখী শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায় এবং চারজনই নদীতে ছিটকে পড়েন। মামুন ও আজিম নামে দুই জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চোখের পলকেই শিপন ও জুয়েল উত্তাল মেঘনায় তলিয়ে যান।
নিখোঁজ জুয়েলের স্বজন আফসার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ট্রলার নিয়ে তারা উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় রাত ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন বাঘা জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞ ডুবুরি দলের সহায়তা চেয়েছেন বলে জানান তিনি।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজুর রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
হিজলা নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, নিখোঁজদের উদ্ধার, নদী তীরবর্তী এলাকায় মাইকিং ও নদীতে তল্লাশি অভিযান চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের সাথেও সংযোগ স্থাপন করা হয়েছে। তবে এখনও তাদের সন্ধান মেলেনি।
প্রতিনিধি/এসএস




