রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

বিএনপি নেতাকে আটকের জেরে থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

T
বিএনপি নেতা কাইয়ুমকে আটকের পর থানা ঘেরাও করে তার শতাধিক কর্মী-সমর্থক। ছবি- সংগৃহীত

বিএনপির এক নেতাকে পুলিশ আটকের জেরে থানা ঘেরাও করেছেন তার কর্মী-সমর্থকরা। পাশাপাশি অবরোধ করা হয়েছে বাস টার্মিনাল। বন্ধ করে দেওয়া হয়েছে বাস চলাচল।

রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে এমনই ঘটনা ঘটেছে কুমিল্লায়। 


বিজ্ঞাপন


এদিন জেলার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। দুপুর ১২টার দিকে তাকে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকার বাসা থেকে আটক করা হয়। 

তারই প্রতিবাদে কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন কাইয়ুমের কর্মী-সমর্থকরা। একই কারণে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেছেন বিভিন্ন পরিবহনের চালক ও শ্রমিকরা। ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন তারা।

রেজাউল কাইয়ুম কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি থানা পুলিশ। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, তা জানানো হয়নি।

তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র জানিয়েছে, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে কাইয়ুমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালের চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। তার বাসাও ওই বাস টার্মিনালের পাশে।


বিজ্ঞাপন


এদিকে কাইয়ুমকে আটকের পর থানা ঘেরাও করে নানা স্লোগান দিচ্ছেন তার শতাধিক কর্মী-সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতোয়ালি থানার প্রধান ফটক আটকে দিয়েছে পুলিশ। বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

কোতোয়ালি থাকার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। কী কারণে তাকে আটক করা হয়েছে, সেটি তারাই ভালো বলতে পারবেন।’

ওসি আরও জানান, ‘কাইয়ুমকে এখনো গ্রেফতার দেখানো হয়নি। কিছু লোকজন থানার সামনে অবস্থান নিয়েছেন। আমরা তাদের শান্ত করার চেষ্টা করছি।’

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর