রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ২০ হাজার গ্রাহক অন্ধকারে

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ২০ হাজার গ্রাহক অন্ধকারে

চট্টগ্রামের মিরসরাইয়ে দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক গ্রামে। গাছের ডাল পড়ে তার ছিঁড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় অন্ধকারে প্রায় ২০ হাজার গ্রাহক।

জানা গেছে, শনিবার দুপুরের পর থেকে উপজেলাজুড়ে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড় শুরু হওয়ার সাথে সাথে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে মাঠে কাজ করছে পল্লী বিদ্যুতের কর্মীরা।


বিজ্ঞাপন


মিরসরাই পৌর সদরের ফারিয়া হোটেলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুক বলেন, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। দুপুর হঠাৎ ঝড়ো বাতাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। হোটেল রাতের মতো অন্ধকার হয়ে যায়। টেবিলে, টেবিলে মোমবাতি জ্বালিয়ে কাস্টমারদের সার্ভিস দিচ্ছি।

উপজেলার গাছবাড়িয়া এলাকার বাসিন্দা নুর হোসেন মামুন বলেন, দুপুরে বিদ্যুৎ চলে যাওয়ার পর এখনো আসেনি। প্রায় ৮ ঘণ্টা হয়ে গেছে। আমার ছেলে এসএসসি পরীক্ষা দিচ্ছে। বিদ্যুৎ অফিসে ফোন দিলে তারা জানান কাজ চলেছে একটু সময় লাগবে।

উপজেলার বিষুমিয়ারহাট এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, এমনিতে গত কয়েকদিন লোডশেডিং চলছে। তার উপর আজ সারাদিন বিদ্যুৎ নেই। কখন আসে তারও ঠিক নেই।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বারইয়ারহাট অফিসের ডিজিএম হেদায়েত উল্লাহ বলেন, গাছের ডাল ভেঙে লাইনের উপরে পড়ে অনেক জায়গায় তার ছিঁড়ে গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে বিভিন্ন এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গাছের ডাল পরিষ্কার করে দ্রুত সময়ের বিদ্যুৎ লাইন চালু করা হবে।


বিজ্ঞাপন


মিরসরাই জোনাল অফিসের ডিজিএম আদনান আহম্মদ চৌধুরী বলেন, মিরসরাই জোনাল অফিসের আওতায় কোনো পোল ভাঙেনি, তবে বিভিন্ন জায়গায় গাছপালা পড়ার কারণে লাইন বন্ধ আছে। কাজ চলছে, আশা করছি দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর