নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (২ মে) সকাল ৮টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের আয়নাল হক (৫৭)। নিহত অপর একজনের নাম পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন— উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়ার গ্রামের মোল্লা মিয়া (৪৫), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক সারা তাবাসসুম উর্মি ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার মো. মনির হোসেন (২৩)। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী এক যাত্রীবাহী বাস শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হক নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অপর তিনজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, ঘটনার পর বাসের চালক বাস ফেলে পালিয়ে গেছেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি




