জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশে একটি ডোবায় ভাসছে বিপুল সিরাপ, ট্যাবলেট, বিভিন্ন ক্যাপসুলসহ নানা ধরনের সরকারি ওষুধ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ভিড় করে স্থানীয়রা। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়দের অভিযোগে জানা যায়, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা ক্লিনিকে সব সময় আসে না। বেশিরভাগ সময় ক্লিনিকটি বন্ধ থাকে। ক্লিনিক থেকে রোগীরা ঠিকমতো ওষুধ পায় না। ওষুধের জন্য গেলে সরকারিভাবে বরাদ্দ নেই বলে রোগীদের ফিরিয়ে দেয় ক্লিনিকের লোকজন। স্থানীয়দের ওষুধ না দিয়ে তা জমিয়ে রেখে পরে সেগুলোর মেয়াদ শেষ হলে ডোবায় ফেলে দেয় তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ধনতলা গ্রামের এক নারী বলেন, গরিব মানুষের চিকিৎসাসেবা নিয়ে এ এক নির্মম তামাশা। অসুস্থ শরীর নিয়ে আমরা মাইলের পর মাইল হেঁটে এসে শুনি ওষুধের সংকটের কথা। যদি সরকার ওষুধ না-ই দেয়, তবে সেই সরকারি ওষুধ আজ ডোবায় পাওয়া যায় কীভাবে? আমাদের হক এভাবে নর্দমায় না ফেলে যদি আমাদের হাতে পৌঁছে দেওয়া হতো, তবে আমরা স্বাস্থ্যসেবা পেতাম। ক্লিনিকে ওষুধের অভাব নেই, অভাব শুধু দায়বদ্ধতার।
ধনতলা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. মিস্টার বলেন, এই সপ্তাহে আমি দায়িত্ব গ্রহণ করেছি। কিন্তু এখানে যে ওষুধগুলো আছে, সেগুলোর সঠিক ব্যবহার ও কার্যকারিতা সম্পর্কে আমার পুরোপুরি জানা নেই। ক্লিনিকে আমার সঙ্গে আরও দুজন দায়িত্বপ্রাপ্ত কর্মী রয়েছেন। ওষুধগুলো হয়ত মেয়াদ শেষ হয়ে গেছে।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তবে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




