ময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের সামনে নাগরদোলা ভেঙে পড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (১ মে) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে পার্কের মূল গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, পার্কের বাইরের অংশে অবৈধভাবে স্থাপন করা একটি নাগরদোলা স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ করেই মাঝখান থেকে সেটি ভেঙে নিচে পড়ে যায়। এ সময় নাগরদোলায় থাকা শিশু-কিশোরসহ কয়েকজন আহত হন। পাশ দিয়ে যাওয়া এক মোটরসাইকেল আরোহীর ওপর নাগরদোলার পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুবাইদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে সঞ্জয় (৪০) নামে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আদর (২৭) নামে একজন হাসপাতালে ভর্তি আছে। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।’
ওসি শিবিরুল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/এসএস




