বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হচ্ছে শ্রমজীবীরা। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমিক ও মালিকের পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাসের ভিত্তিতেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠতে পারে।
শুক্রবার (১ মে) বিকেলে মোরেলগঞ্জ মডেল মসজিদ মিলনায়তনে শ্রমিক কল্যাণ ফেডারেশন, বজগঞ্জ পৌর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
শ্রমিক কল্যাণ ফেডারেশন, মোরেলগঞ্জ পৌর শাখার সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। এ ক্ষেত্রে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথিদের বক্তব্যেও শ্রমিকদের অধিকার রক্ষার বিষয়টি গুরুত্ব পায়। বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির ভিত্তি—তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। তাই তাদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং শোষণ-বঞ্চনা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী আলোচক ও শিক্ষাবিদ অধ্যাপক শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা শাহাদাত হোসাইন, পৌর শাখার আমির মো. রফিকুল ইসলাম এবং উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শ্রমিকদের কল্যাণ ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




