সাংবাদিকদের জন্য ন্যায্য বেতন কাঠামো নির্ধারণ ও তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।
শুক্রবার (১ মে) দুপুরে নগরীর অলকার মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। মহান মে দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
আরইউজে সভাপতি মুহা. আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. সাদিকুল ইসলাম স্বপন।
বক্তব্যকালে তিনি বলেন, ‘সাংবাদিকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করলেও তাদের ন্যায্য মজুরি দেওয়া হয় না। তারা তাদের প্রকৃত শ্রমের মূল্য পাচ্ছেন না। বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েজবোর্ড ঘোষণা করা হলেও সেখানে শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে; বাস্তবে কখনোই ওয়েজবোর্ড অনুযায়ী বেতন প্রদান করা হয় না।’
ড. স্বপন আরও বলেন, ‘আমাদের দাবি অতিদ্রুত সাংবাদিকদের জন্য একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণ করে তা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি প্রবীণ সাংবাদিকদের জন্য অবসরকালীন ভাতা চালু করা এখন সময়ের দাবি।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আরইউজের সহ-সভাপতি মইন উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, অ্যাডভোকেট রজব আলী ও ফরিদ আক্তার পরাগ প্রমুখ। সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




