শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

এসপিকে ঘুষ দিতে গিয়ে নারীসহ আটক ২

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

এসপিকে ঘুষ দিতে গিয়ে নারীসহ আটক ২
আটক মইনুল ইসলাম চৌধুরী সামাদ ও জেসমিন আক্তার।

মৌলভীবাজারে পুলিশ সুপারকে (এসপি) ঘুষ দেওয়ার চেষ্টা করতে গিয়ে এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুলাউড়া থানায় এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন, কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা মৃত আতিকুর রহমান চৌধুরীর ছেলে ও স্থানীয় চৌধুরী বাজারের ব্যবসায়ী মইনুল ইসলাম চৌধুরী সামাদ এবং একই ইউনিয়নের আব্দুলপুর গ্রামের মৃত তাহির আলীর মেয়ে জেসমিন আক্তার।

পুলিশ সূত্রে জানা গেছে, জেসমিন আক্তারের সঙ্গে তার তালাকপ্রাপ্ত স্বামী মাহতাব মিয়ার পারিবারিক বিরোধ চলমান রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন। অভিযোগ রয়েছে, স্বামীকে হয়রানি করতে বিভিন্ন সময় নানা কৌশল অবলম্বন করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় স্বামীর বিদেশযাত্রা বন্ধ করতে বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী সামাদ চৌধুরীকে সঙ্গে নিয়ে কুলাউড়া থানায় আসেন জেসমিন।

ওই সময় থানায় সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমানের দ্বি-বার্ষিক পরিদর্শন চলছিল। উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন এবং কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।

পুলিশ আরও জানায়, জেসমিন আক্তার তার স্বামীর বিদেশযাত্রা ঠেকাতে ২ লাখ টাকা নিয়ে থানায় আসেন। তবে কৌশলে ওই টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা সরিয়ে ফেলেন সামাদ চৌধুরী। পরে অবশিষ্ট ৪০ হাজার টাকা একটি খামে করে পুলিশ সুপারের হাতে দেওয়ার চেষ্টা করেন তিনি। বিষয়টি সন্দেহজনক মনে হলে খাম খুলে টাকা দেখতে পান এসপি। সঙ্গে সঙ্গে তার নির্দেশে সামাদ ও জেসমিনকে আটক করা হয়।


বিজ্ঞাপন


কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, জেসমিন আক্তার কয়েকদিন ধরে আমার সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন। পরিদর্শন শেষে তিনি এক যুবককে সঙ্গে নিয়ে এসে কথা বলেন। একপর্যায়ে ওই যুবক একটি খাম দিলে সেটি খুলে টাকা দেখতে পাই। সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয় এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর