শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

৫১ বিজিবির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০১ মে ২০২৬, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

৫১ বিজিবির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ

সীমান্ত রক্ষার দায়িত্বের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে।

শুক্রবার (১ মে) সকালে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর উদ্যোগে চিলাহাটি, কেতকিবাড়ী ও কালিগঞ্জ বিওপি এলাকায় প্রায় অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীর মাঝে খাদ্য ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজিউর রহমান। 

এসময় মাদরাসা শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, বিজিবির পক্ষ থেকে আমাদের যে সব উপহার দেওয়া হলো এগুলো আমাদের পড়াশোনার কাজে অনেকটা উপকারে আসবে। 

আরেক শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমার পরিবারে আমার বাবার সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে, বিজিবির স্যারদের দেওয়া এই খাদ্য উপহার এবং পড়াশোনা সামগ্রী আমাদের ভবিষ্যৎ পড়াশোনার জন্য অনেকটা কাজে আসবে। আমরা চাই স্যারেরা রেগুলার আমাদের মতো এতিম গরীব শিক্ষার্থীদের উপকার করলে আমরা সঠিকভাবে পড়াশোনা করতে পারবো। 

লে. কর্নেল নাজিউর রহমান বলেন, দেশের সীমান্ত যেমন : গুরুত্বপূর্ণ, তেমনি সীমান্তবর্তী এলাকার মানুষের কল্যাণও বিজিবির কাছে সমান গুরুত্ব বহন করে। তাদের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, সীমান্ত অঞ্চলে শিক্ষার বিস্তার এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বিজিবি নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করছে। বিশেষ করে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। এ ধরনের কার্যক্রম শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের জীবনমান উন্নয়ন, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর