শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

প্রেমের বিয়ে, বাবার বাড়িতে শিকলবন্দী কিশোরী উদ্ধার!

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৮ পিএম

শেয়ার করুন:

প্রেমের বিয়ে, বাবার বাড়িতে শিকলবন্দী কিশোরী উদ্ধার!
প্রতীকী ছবি

মা-বাবার অসম্মতিতে পালিয়ে বিয়ে করেছিল এক কিশোরী। শ্বশুরবাড়িতে তিন মাসের সংসারও চলছিল স্বাভাবিকভাবে। সম্প্রতি মা-বাবার আশ্বাসে কয়েক দিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে আসে সে। তবে দুই দিন পর স্বামীর ঘরে ফিরে যেতে চাইলে পরিবারের বাধার মুখে পড়ে। একপর্যায়ে তাকে শিকল দিয়ে ঘরের ভেতর বেঁধে রাখা হয়। রংপুরের তারাগঞ্জ উপজেলার মাছুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার সকালে তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন কিশোরীর শ্বশুর মজনু মিয়া। বিকেলে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে শিকলবন্দী অবস্থায় কিশোরীকে উদ্ধার করে শিশু পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলী গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে মাহাবুব আলমের সঙ্গে তারাগঞ্জ উপজেলার মাছুয়াপাড়া গ্রামের ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিন মাস আগে মাহাবুবের সঙ্গে ঘর ছাড়ে ওই কিশোরী। বিয়ের পর তারা শ্বশুরবাড়িতেই সংসার করছিল। গত ১৩ এপ্রিল সে বাবার বাড়িতে বেড়াতে আসে। অভিযোগ অনুযায়ী, ১৫ এপ্রিল থেকে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

কিশোরীর শ্বশুর মজনু মিয়া বলেন ‘ছেলে-মেয়ে যখন আমার বাড়িতে আসে, আমি তাদের মেনে নিয়ে সংসার করতে দিই। ১৭ দিন আগে পুত্রবধূর ছোট বোন ও দাদি আমার বাড়িতে আসেন। আমরা তাদের আপ্যায়ন করি। তারা মেয়ে-জামাইকে মেনে নেবেন আশ্বাস দিয়ে মেয়েটিকে সঙ্গে নিয়ে যান। আমার ছেলে কয়েক দিন আগে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি গেলে জানতে পারে, তাকে ১৫ দিন ধরে লোহার শিকল দিয়ে বন্দী করে রাখা হয়েছে। এমনকি তাকে মারধরও করা হয়েছে। এরপরই আমি থানায় অভিযোগ করি।’

অন্যদিকে কিশোরীর বাবা তার অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন, ‘ওই ছেলের তো কিছুই নেই। আমার মেয়েকে সে খাওয়াতে পারবে না। এ কারণেই আমি আমার মেয়েকে তার কাছে দেব না এবং বাড়িতে আটকে রেখেছি।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে যৌথ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে সমাজসেবা দফতরে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে কিশোরীর বয়স ১৭ বছর ৯ মাস।


বিজ্ঞাপন


উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হক বলেন ‘শিকলবন্দী অবস্থায় পাওয়ায় তাকে উদ্ধার করে রংপুরের সমন্বিত শিশু পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছে। তিন মাস আগে বিয়ে করলেও মেয়েটির বয়স ১৮ বছর না হওয়ায় বিয়েটি আইনত নিবন্ধিত হয়নি। বয়স ১৮ হতে আরও তিন মাস বাকি থাকায় এই সময়টুকু সে পুনর্বাসনকেন্দ্রেই থাকবে।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর