কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর শূন্যরেখা থেকে সাত জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে সাবরাং নয়াপাড়া ও শাহপরীরদ্বীপ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে সাতটার দিকে জোয়ারে মাছ ধরার উদ্দেশ্যে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকা নিয়ে নয়াপাড়া ঘাট থেকে নদীতে যান সাত জেলে। জোয়ারের পানি বাড়ার আগেই তারা জাল ফেলেন। দুপুরের দিকে হঠাৎ দুটি স্পিডবোট এসে তাদের নৌকাসহ ধরে নিয়ে যায়।
অপহৃতরা হলেন সাবরাং নয়াপাড়া এলাকার আব্দুর রহমান, আবদুল মতলব, গুরা মিয়া, মো. হাসান এবং শাহপরীরদ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।
স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ উল্লেখ করেন, মাছ ধরার সময় আকস্মিকভাবে আরাকান আর্মির সদস্যরা জেলেদের জিম্মি করে নিয়ে যায়। এতে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্বজনদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। তার আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে এমন ঘটনা আরও বাড়তে পারে।
অপহৃত জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার কান্নাজড়িত কণ্ঠে তুলে ধরেন, তার স্বামীর আয়েই সংসার চলে। তিনি বলেছেন, স্বামীকে ফিরে না পেলে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।
বিজ্ঞাপন
নৌকার মালিক আব্দুস শুক্কুর জেলেদের উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। তার ভাষ্য, এ ধরনের নিপীড়ন বন্ধ না হলে উপকূলীয় এলাকায় জীবিকা সংকট তৈরি হতে পারে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে বিস্তারিত জানার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ আশ্বস্ত করেন, জেলেদের ফিরিয়ে আনতে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
প্রতিনিধি/একেবি




