পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে পাঁচ বছর আগে একটি আধুনিক তিনতলা বিশিষ্ট বিপণিবিতান নির্মাণ করা হলেও তা এখনো চালু হয়নি। ফলে সরকার বছরে প্রায় কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। স্থানীয়ভাবে মার্কেটটি ‘ফিশ মার্কেট’ নামেই পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, মার্কেটটি খুলে না দেওয়ায় মাছ ও ফল ব্যবসায়ীরা প্রধান সড়কেই দোকানপাট বসিয়ে ব্যবসা করছেন। এর ফলে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা মহাসড়কে নিয়মিত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মকর্তা জানান, মার্কেটটিতে ৮৬টি দোকান বরাদ্দের ব্যবস্থা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর এটি খোলার বিষয়ে বারবার উদ্যোগ নেওয়া হলেও একজন প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপের কারণে তা থমকে যায়। ওই ব্যক্তি প্রায়ই পৌরসভার কাজে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তবে বর্তমানে মার্কেটটি চালুর উদ্দেশ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা সরকারের অন্যতম অঙ্গীকার হলেও মঠবাড়িয়ায় বিকল্প ব্যবস্থা থাকা সত্ত্বেও বছরের পর বছর সড়ক আটকে ব্যবসা চলছে। ব্যবসায়ীরা জানান, নির্দিষ্ট স্থায়ী জায়গা না থাকায় প্রতিদিন তাদের মালামালের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এবং নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে। এছাড়া প্রায়ই ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযানের মুখে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হন। অথচ ফুটপাতের এসব দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে ভয়ে তারা আদায়কারীদের নাম প্রকাশ করেননি।
ব্যবসায়ীরা আরও জানান, মার্কেটটি চালুর দাবিতে তারা ইতোপূর্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এর প্রেক্ষিতে পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার পরিদর্শন করলেও অজ্ঞাত কারণে মার্কেটটি চালু হয়নি। প্রকৃত ব্যবসায়ীদের দোকান বরাদ্দ দিয়ে দ্রুত মার্কেটটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আকলিমা আক্তার জানান, মার্কেটটি উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে ইজারা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, খুব দ্রুতই মার্কেটটি খুলে দেওয়া সম্ভব হবে। এতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত হবে, যানজট নিরসন হবে এবং ব্যবসায়ীরা একটি সুন্দর পরিবেশে ব্যবসা করতে পারবেন।
বিজ্ঞাপন
পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ‘মার্কেটটি উদ্বোধনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুতই এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।’
প্রতিনিধি/একেবি




