যশোরে সরকারবিরোধী মিছিলের অভিযোগে সাবেক এক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৪০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮০–১০০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন এ মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের মধ্যে রয়েছেন যশোর-৬ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর-৪ আসনের সাবেক এমপি রণজিৎ রায়, যশোর-৫ আসনের সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, যশোর-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, যশোর-৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ এবং যশোর-৫ আসনের সাবেক এমপি ইয়াকুব আলী।
বিজ্ঞাপন
এছাড়া যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফন্টু চাকলাদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুসহ ৪০ জন নেতার নাম মামলায় উল্লেখ করা হয়েছে।
এসআই আশরাফ উদ্দিন এজাহারে উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ যুবলীগের ব্যানারে নেতাকর্মীরা যশোর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন আজিজ সিটি রোডে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেন।
মোমবাতি ও হারিকেন জ্বালিয়ে তারা বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যান। মামলায় প্রথম ১৩ জনকে সংগঠনের ‘গডফাদার’ ও অর্থদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে এবং বাকি ২৭ জনকে সক্রিয় সদস্য ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করা হয়েছে।
এদিকে, একই অভিযোগে ২৯ এপ্রিল রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, আসামিরা সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/একেবি




