কক্সবাজারের উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প (এক্সটেনশন) এলাকার একটি জলাশয় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে ক্যাম্পের এস/৪ বি/৭ ব্লকের একটি জলাশয়ের অগভীর পানিতে বোরকা পরিহিত অবস্থায় মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।
বিজ্ঞাপন
খবর পেয়ে ১৪ এপিবিএনের আওতাধীন ওয়াপালং পুলিশ ক্যাম্পের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় রোহিঙ্গা নারীদের সহায়তায় মরদেহটি পানি থেকে পাড়ে তুলে আনা হয়।
ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) আবু হানিফা জানান, মরদেহের ছবি তুলে স্থানীয় মাঝিদের গ্রুপে পাঠানো হলে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। নিহত নারীর নাম মরজান (৩৩)। তিনি ১৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের মেয়ে এবং হাসেম উল্লাহর স্ত্রী। তার এফসিএন নম্বর ২৮৪৭২৮।
তিনি আরও জানান, উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




