বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

হাওরে দেশীয় মাছ রক্ষায় অবৈধ জালের গুদামে অভিযানের দাবি

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

হাওরে দেশীয় মাছ রক্ষায় অবৈধ জালের গুদামে অভিযানের দাবি
অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত সভা

নেত্রকোনার মোহনগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভার আলোচনায় হাওরাঞ্চলে দেশীয় মাছ রক্ষায় অবৈধ জালের গুদামে অভিযান চালিয়ে সেগুলো ধ্বংসের দাবি জানানো হয়। হাওরে মা মাছ এবং পোনা মাছ নিধন রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, কৃষি কর্মকর্তা আব্দুস সাকুর সাদীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা।

এছাড়া উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানি পুতুল, জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। হাওরাঞ্চলে জলাবদ্ধতার কারণে ফসলের ক্ষয়ক্ষতি হওয়ায় এ পরিস্থিতি মোকাবেলায় আগাম পরিকল্পনা গ্রহণের দাবি তোলা হয়।

এ সময় সাংবাদিক হাফিজুর রহমান চয়ন বলেন, বর্তমানে হাওরে নতুন পানিতে মাছ ধরা পড়ছে এবং অধিকাংশ মাছেই ডিম রয়েছে। এ অবস্থায় অবৈধ জাল ব্যবহার করে মা মাছ ও পোনা নিধন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।


বিজ্ঞাপন


তিনি অভিযোগ করেন, মোহনগঞ্জ বাজারে চায়না দুয়ারি ও কারেন্ট জালসহ অবৈধ জালের গুদাম রয়েছে, যেখান থেকে হাওরাঞ্চলে এসব জাল সরবরাহ করা হচ্ছে। এসব গুদাম চিহ্নিত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সভায় ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে একাধিক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

সভাপতির বক্তব্যে ইউএনও আমেনা খাতুন সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর