বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

জেলগেটে বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৭ পিএম

শেয়ার করুন:

জেলগেটে বাবার মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বাবার মরদেহ শেষবারের মতো দেখার জন্য প্যারোলে মুক্তি পাননি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরিশাল মহানগর ১৫ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহরুখ খান। শেষ পর্যন্ত জেলা প্রশাসনের সহযোগিতায় মৃত বাবার মরদেহ বরিশাল কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হলে সেখানে দেখার সুযোগ পান তিনি।

বুধবার (২৯ এপ্রিল) সকালে শাহরুখের বাবা আবুল বাশার খান (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি নগরের বটতলা টেম্পুস্ট্যান্ডে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।


বিজ্ঞাপন


শাহরুখের ভাই সালমান খান সাগর জানান, ভাইয়ের প্যারোলে মুক্তির জন্য তারা জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করেছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা বসিয়ে রাখার পর একজন ম্যাজিস্ট্রেট এসে তাদের জানান, ‘আপনারা কারাগারে যান, আমরা সেখানে বলে দিচ্ছি।’

সাগর অভিযোগ করে বলেন, ‘কারাগারে যাওয়ার পর কর্মকর্তারা জানান যে, জেলা প্রশাসকের দপ্তর থেকে তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পরে বিকেল পৌনে ৪টার দিকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে কারা ফটকে নেওয়া হয়। বিকেল ৪টার দিকে মরদেহের সঙ্গে তিনজনকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং মাত্র পাঁচ মিনিট সময় বরাদ্দ দেওয়া হয়।’

নগরের নিউ সার্কুলার রোড সংলগ্ন গাজীবাড়ি মসজিদে বাদ আসর শাহরুখের বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বরিশাল সদর উপজেলার করাপুর ইউনিয়নের পপুলার এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সাগর আরও জানান, ৫ আগস্ট পরবর্তী আটটি মামলায় শাহরুখ অভিযুক্ত ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আরও তিনটি মামলায় আসামি করা হয়েছে। শাহরুখের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান মিন্টু জানান, মক্কেলের প্যারোলে মুক্তির আবেদন জেলা প্রশাসক বরাবর করা হলেও তা মঞ্জুর করা হয়নি।


বিজ্ঞাপন


বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা আবেদন পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী আসামির স্বজনদের জেলগেটে মরদেহ নিয়ে দেখা করার ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয়েছিল। আমি সেই বার্তাই স্বজনদের পৌঁছে দিয়েছি।’

গত শুক্রবার মধ্যরাতে নগরের নিউ সার্কুলার রোডের নিজ বাসা থেকে পুলিশ শাহরুখকে গ্রেপ্তার করে। এরপর থেকেই তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর