বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

নড়িয়ায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

নড়িয়ায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
বজ্রপাতে নিহত রাজিব শেখ (৩২)।

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কীর্তিনাশা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রাজিব শেখ (৩২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত রাজিব শেখ একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের বাসিন্দা ও হারুন শেখের ছেলে। পেশায় তিনি ছিলেন জেলে ও কৃষক। জীবিকার তাগিদে প্রতিদিনের মতো সেদিনও নদীতে মাছ ধরতে যান তিনি, কিন্তু আর ঘরে ফেরা হলো না।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কীর্তিনাশা নদীতে মাছ ধরার সময় হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়। এর সঙ্গে শুরু হয় বজ্রপাত। এক পর্যায়ে বজ্রাঘাতে গুরুতর আহত হন রাজিব। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নদীর তীরে নিয়ে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নদীর তীরেই পড়ে থাকে তার নিথর দেহ।

রাজিবের অকাল মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। তিনি রেখে গেছেন স্ত্রী ও এক শিশু কন্যা সন্তান।

জপসা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য দুলাল মকদম বলেন, রাজিব অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন। কৃষিকাজ ও মাছ শিকার করে সংসার চালাতেন। তার এই মৃত্যু আমাদের জন্য গভীর বেদনার।


বিজ্ঞাপন


নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম খান বলেন, নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজনে উপজেলা প্রশাসন আরও সহযোগিতা করবে।

প্রতিনিয়ত বজ্রপাতের ঘটনায় প্রাণহানির ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় আবহাওয়া খারাপ থাকলে নদী বা খোলা স্থানে কাজ না করার জন্য সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর