রংপুরের তারাগঞ্জে বৃষ্টির মধ্যে রান্নার জ্বালানি (খড়ি) সংগ্রহ করতে গিয়ে বজ্রপাতে সাহেরা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার সয়ার ইউনিয়নের কাজীপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাহেরা বেগম ওই গ্রামের মজিবর হোসেনের স্ত্রী।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে রংপুরে টানা বৃষ্টিপাত হচ্ছে। সেই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল এবং থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছিল। দুপুর নাগাদ বৃষ্টির বেগ কিছুটা কমলে সাহেরা বেগম রান্নার কাজে সহায়তার জন্য বাড়ির পাশে খড়ি সংগ্রহ করতে বের হন। খড়ি কুড়ানোর সময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করতে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।
সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনছুর পাঠোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুপুরে হালকা বৃষ্টির মধ্যে খড়ি কুড়াতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন ওই গৃহবধূ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি জানার পরপরই আমরা স্থানীয় প্রশাসন ও পুলিশকে অবহিত করেছি।’
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন ও প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকে কাজীপাড়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি




