স্কুলে পৌঁছেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অনুপমা। আর পাঁচ দিনের মতো সেদিনও বাইসাইকেলে করে স্কুলে এসেছিল সে। এর পরপরই মৃত্যু হয় তার। ১৩ বছর বয়সের ছাত্রী অনুপমা।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জে ঘটে এই মর্মান্তিক ঘটনা।
বিজ্ঞাপন
দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে অনুপমা রায়। দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সে।
স্কুল সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবারও বাইসাইকেলে করে স্কুলে আসে অনুপমা। স্কুল প্রাঙ্গণে পৌঁছে বাইসাইকেল থেকে নামার পরপরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে সে।
রিভারভিউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানিয়েছেন, ঐ শিক্ষার্থী মাটিতে পড়ে যাওয়ার পর দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় তাকে। তবে পথেই মৃত্যু হয় তার।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর উল্লেখ করেছেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে অনুপমার। তবে তাৎক্ষণিকভাবে জানা যায়নি মৃত্যুর কারণ।
বিজ্ঞাপন
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিকের ভাষ্য, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে যায় পুলিশ। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি এখনও।
ঘটনার পর দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক হাসপাতালে গিয়ে সান্ত্বনা দেন শোকাহত পরিবারের সদস্যদের। মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিদ্যালয় ও গোটা এলাকায়।
প্রতিনিধি/একেবি




