বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মোতালেব হোসেন (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি তার চাষকৃত ধানখেত দেখতে গিয়েছিলেন। যদিও তার সঙ্গে থাকা নগদ ৩৮ হাজার ৬৪৫ টাকা ও মুঠোফোন অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত মোতালেব হোসেন ওই এলাকার বাসিন্দা এবং মৃত সাইফুল্লাহর ছেলে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, রাত ৮টা ২৪ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে যান। ধানখেতে মোতালেব হোসেনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহতের ছেলে আলী হোসেন বলেন, আমার বাবা মাগরিবের নামাজের আগে বাড়ি থেকে ধানক্ষেত দেখতে বের হন। তিনি প্রায়ই জমি দেখতে যেতেন। এদিন কে বা কারা আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। হত্যার পর মরদেহের পাশে তার মোবাইল ফোন পড়ে ছিল এবং কোমরে বাঁধা কাপড়ের থলেতে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকা অক্ষত ছিল। দুর্বৃত্তরা কিছুই নেয়নি। 

পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, নিহতের ঘাড়, মাথা ও হাতের আঙুলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে। তবে সঙ্গে থাকা টাকা না নেওয়ায় হত্যার উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। 


বিজ্ঞাপন


ঘটনার রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তে ত্রিশাল থানা পুলিশ ও ডিবি পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর