বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

মধ্যরাতে সীমান্ত পথে জ্বালানি তেল পাচারের চেষ্টা, তেলের ড্রাম জব্দ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

মধ্যরাতে সীমান্ত পথে জ্বালানি তেল পাচারের চেষ্টা, তেলের ড্রাম জব্দ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মধ্যরাতে জ্বালানি তেল পাচারের সময় পুলিশ তেলবাহী গাড়ি, ট্রলি ও তেলের ড্রাম জব্দ করেছে।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ উপজেলার সোনাজল বিল এলাকায় হিরো ইটভাটায় অভিযান চালিয়ে তেলবাহী গাড়ি জব্দ করে।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী গাড়ি ইটভাটার ভেতরে প্রবেশ করে। সেখানে ড্রামের মাধ্যমে তেল খালাস করে ট্রলিতে তুলে পাচারের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে এসআই শাখাওয়াত হোসেন, কামাল হোসেন, শাহীন আলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পাচারচক্রের সদস্যরা গাড়ি ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে তেলবাহী গাড়ি পাচারের কাজে ব্যবহৃত ট্রলি ও ভটভটিসহ মোট আটটি গাড়ি এবং তেলের ড্রাম জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ীরা জ্বালানি তেল বেশি দামে বিক্রি করছে। তারা মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগও তোলেন। তাদের দাবি, পাম্পে তেল থাকা সত্ত্বেও কৃষকদের বঞ্চিত করে ট্রলি ও ট্রাক্টর মালিকদের কাছে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে।
মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফ অভিযোগ অস্বীকার করে বলেন, জব্দ করা তেল তাদের স্টেশনের নয়।

অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক জানান, তেল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পাচার চক্র পালিয়ে যায়। তেলবাহী গাড়ি ও পাচারে ব্যবহৃত গাড়ি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তেলগুলো কোন ফিলিং স্টেশনের জন্য নিয়ে আসা হয়েছিল সে তথ্য এখনো পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর