ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজের স্ত্রী মোছা. জায়েদা খাতুনকে (৫৫) ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে আবু সাঈদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সাদেকপুর ইউনিয়নের উত্তর পাড়ার এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জায়েদা খাতুন সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের উত্তর পাড়ার বাসিন্দা। তার স্বামীর নাম আবু সাঈদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাঈদের সঙ্গে পার্শ্ববর্তী দামচাইল এলাকার নোয়াব মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরেই সোমবার রাতে আবু সাঈদ নিজের স্ত্রীকে হত্যা করে প্রতিপক্ষের ওপর দায় চাপানোর পরিকল্পনা করেন। ঘটনার পর তিনি মরদেহ বাড়ির পাশের একটি জমির আইলে ফেলে রেখে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেন। পরেরদিন মঙ্গলবার সকালে আবু সাঈদ সদর মডেল থানায় গিয়ে নোয়াব মিয়ার বিরুদ্ধে অভিযোগ করতে চাইলে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। এতে সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি বেরিয়ে আসে। ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রাজা এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিজ্ঞাপন
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রাজা জানান, নিহত জায়েদা খাতুনের বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের ঘুমের মধ্যে আবু সাঈদ তার স্ত্রীকে হত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্ত আবু সাঈদকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িত অন্যান্য সন্দেহভাজনদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
প্রতিনিধি/টিবি




