বরিশাল নগরীতে যৌথ অভিযানে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার ও প্রয়োজনীয় সনদ না থাকার অভিযোগে ৮টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে মোট ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনভর নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
বিজ্ঞাপন
অভিযান সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল জেলা কার্যালয়ের গোপন তথ্য সংগ্রহ করে। এরপর সেই তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন নজরদারির পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে অবহিত করা হয়। পরে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা, হেলথ এইড মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা, নোভা মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার টাকা এবং ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বরিশাল সিটি জেনারেল হসপিটালকে ২০ হাজার টাকা, গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারকে ৭ হাজার টাকা, নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেসকে ৫০ হাজার টাকা এবং রংধনু ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল জেলা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এবং নগর পুলিশের রিজার্ভ ফোর্স সদস্যরা ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




