টাঙ্গাইলের একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের আমিন বাজার এলাকায় ‘এম আরফান খান অ্যান্ড কোং’ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ওই ফিলিং স্টেশনের বিরুদ্ধে পরিমাপে তেল কম দেওয়ার একাধিক অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, প্রতি ৫ লিটার ডিজেল ও পেট্রোলে প্রায় ৩৩০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এই ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/একেবি




