কিশোরগঞ্জ শিল্পনগরী বিসিকে নির্মাণাধীন প্রধান ফটক ধসে চাপা পড়ে রাসেল (২৭) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্পনগরীতে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রাসেল সদর উপজেলার মারিয়া ইউনিয়নের সল্পমারিয়া এলাকার মানিক মিয়ার ছেলে। আহত চার শ্রমিককে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিসিক শিল্পনগরীর প্রধান ফটকের ওপরের অংশে ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যার দিকে ঢালাই শেষ হওয়ার পরপরই ফটকের একটি অংশ ধসে পড়ে। এতে সেখানে কর্মরত পাঁচ শ্রমিক চাপা পড়েন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে রাসেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
নির্মাণ শ্রমিক খোকন মিয়া বলেন, ফটকের ওপর ঢালাই দেওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে। আমরা কেউ বুঝে ওঠার আগেই কয়েকজন চাপা পড়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আবু খালিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ পরিচালনা করা হয়। ধ্বংসস্তূপ সরিয়ে আর কেউ আটকা আছে কি না তা নিশ্চিত হওয়ার পর উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।
বিসিকের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আল ফারুক বলেন, ঝড়-বৃষ্টির কারণে ঢালাই কাজ না করার জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু তা না মেনেই কাজ চালানো হয়। বিষয়টি ঠিকাদারকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে নির্মাণ কাজ পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি মানহীন নিম্নমানের কাজ করার কারণে এই দুর্ঘটনা। দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আহ্বান স্থানীয়দের।
প্রতিনিধি/এসএস




