মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে 

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে ব্যবসায়ীকে তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে 

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে তুলে নিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মঙ্গলবার (২৮ এপ্রিল) থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলেন, গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার এএসআই আজিজুল হকসহ তিন পুলিশ সদস্য।


বিজ্ঞাপন


ব্যবসায়ী দেলোয়ার হোসেন অভিযোগ করেন, তিনি গাজীপুর চৌরাস্তা এলাকায় প্রেস ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিদিনের মতো সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে কোনাবাড়ি রুবেল ফিলিং স্টেশনের বিপরীত পাশে সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। তখন তাকে জোর করে অটোরিকশায় তুলে বাইমাইল হরিণচালা এলাকার কাশেম কটনের পূর্বপাশে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তিন পুলিশ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। নগদ ২৮ হাজার টাকা ও বিকাশে ৭ হাজার টাকা নিয়ে নেন ওই পুলিশ সদস্যরা।

দেলোয়ার হোসেন বলেন, আমি চৌরাস্তার দোকান থেকে বাড়িতে ফিরছিলাম। অটোরিকশা থেকে কোনাবাড়ি রুবেল পাম্পের সামনে নামলে পেছন থেকে টহলরত তিন পুলিশ আমার কাছে আসে এবং আমাকে অটোরিকশায় উঠতে বলে। আমি কারণ জানতে চাইলে ধমক দিয়ে উঠিয়ে হরিণাচালা এলাকায় নিয়ে যায়। এরপর আমাকে বলে ‘তুই মাদক ব্যবসা করিস’। টাকা চেয়ে বলে ‘যদি না দিস তাহলে মামলায় ফাঁসিয়ে দেব’। এই বলে পুলিশ পকেট থেকে মাদক বের করে। ভয় পেয়ে আমার কাছে থাকা ২০ হাজার টাকা দিয়ে দেই। এরপর আমার বিকাশ থেকে ৫ হাজার টাকা দেই। ঘটনায় এএসআই আজিজুল হক ছাড়াও আরো দুইজন পুলিশ সদস্য এবং অটোরিকশার ড্রাইভার সঙ্গে ছিল।’

দোলোয়ার হোসেন বলেন, বিষয়টি তিনি কয়েকজনের সঙ্গে শেয়ার করেন। তারা থানায় জানালে রাত ২টার পর কয়েকজন পুলিশ সদস্য ভুক্তভোগীর বাসায় আসে। এসময় তারা বলে ‘ভুল বোঝাবুঝি হয়েছে’।  এ বিষয়টি আর কাউকে না বলতে বলে। এরপর তারা পাঁচ হাজার টাকা ফেরত দেয়।  

এ বিষয়ে জানতে এএসআই আজিজুল হককে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি৷ 


বিজ্ঞাপন


কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর