বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, কালবৈশাখী ঝড়ের সময় আকস্মিক দমকা হাওয়া, বজ্রপাত ও স্বল্পস্থায়ী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই নদীপথে চলাচলকারী নৌযানসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তিনি আরও জানান, আগামী তিন দিন আবহাওয়ার এই গুমোট অবস্থা বিরাজ করতে পারে।
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, সকালে কিছু পর্যটক প্রবেশ করলেও দুপুরের পর বৈরী আবহাওয়ার কারণে নতুন করে কোনো পর্যটক আর প্রবেশ করেননি। পর্যটক বহনকারী সকল জালি বোটকে (ইঞ্জিনচালিত নৌকা) নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া করমজল সংলগ্ন পশুর নদীতে মাছ ধরা জেলেরা করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের খালে নিরাপদ আশ্রয় নিয়েছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ জানান, বৈরী আবহাওয়া সত্ত্বেও বন্দরে পণ্য ওঠা-নামার কাজ আপাতত স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/একেবি




