মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে মারধর, শ্যালক-দুলাভাই আটক

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে মারধর, শ্যালক-দুলাভাই আটক
আটক শ্যালক ও দুলাভাই। 

রাজবাড়ী শহরের ১ নং রেলগেট এলাকায় কর্তব্যরত অবস্থায় এক ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের ১ নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর কামারদা গ্রামের আব্দুল আলীর ছেলে মাসুম (৩৩) এবং একই উপজেলার বহরপুর খালকোলা এলাকার বাচ্চু মোল্লার ছেলে ও মাসুমের শ্যালক সাবিত মোল্লা (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মাসুম ও সাবিত তাদের পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজবাড়ীতে আসছিলেন। রেলস্টেশন থেকে নেমে তারা একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে গন্তব্যে রওয়ানা করেন। ইজিবাইকটি শহরের ১ নং রেলগেট এলাকা অতিক্রম করার সময় সেখানে দায়িত্বরত ছিলেন ট্রাফিক কনস্টেবল আছাদ। দায়িত্ব পালনের একপর্যায়ে কনস্টেবল আছাদ ওই ইজিবাইকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাসুম ও সাবিত ইজিবাইক থেকে নেমে আছাদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। 

এ সময় আশপাশে থাকা অন্য পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকেই মাসুম ও সাবিতকে আটক করেন। পরে তাদের রাজবাড়ী সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কর্তব্যরত অবস্থায় এক পুলিশ সদস্যের গায়ে হাত তোলার ঘটনায় দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশকে লাঞ্ছিত করার অপরাধে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। 


বিজ্ঞাপন


আহত কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রতিনিধি/এসএস 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর