ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান বাবু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে জেলা শহরের কান্দিপাড়ার রাধার মা পুকুরের পূর্ব দিকের গলির শেষপ্রান্তে থাকা বিদ্যুতায়িত হওয়া বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে এলে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নিহত রায়হান বাবু কান্দিপাড়ার মুছা মিয়ার দ্বিতীয় ছেলে। তার দুটি সন্তান রয়েছে।
নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে রায়হান বাবু বাড়ি থেকে বের হন। কান্দিপাড়ার দক্ষিণ দিকের মহল্লার রাধার মা পুকুরের পূর্বদিকের গলির শেষপ্রান্তে একটি পরিত্যক্ত বাড়ির দিকে যান। পরিত্যক্ত বাড়ির দেয়াল ঘেঁষা একটি বৈদ্যুতিক খুঁটি রয়েছে। সকাল থেকে তীব্র ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছিল। এতে বৈদ্যুতিক খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। রায়হান বাবু বৈদ্যুতিক খুঁটিতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেখানে জমে থাকা পানিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে সদর থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

এদিকে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজনও ঘটনাস্থলে পৌঁছে লাশটি রায়হান বাবুর বলে শনাক্ত করে। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। নিহতের পরিবারের লোকজন রায়হানের মৃত্যু নিয়ে কোনো ধরণের সন্দেহ, আপত্তি বা অভিযোগ নেই মর্মে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কাছে বিনা ময়নাতদন্ত লাশ নেওয়ার আবেদন করেন। বিকেল সাড়ে চারটার দিকে সদর থানা পুলিশ নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।
বিজ্ঞাপন
নিহতের বড় ভাই মামুন মিয়া বলেন, সকালে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হয় রায়হান। সেখানে বৈদ্যুতিক খুঁটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। বৈদ্যুতিক খুঁটিতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার ভাই ঘটনাস্থলে মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




