রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সংলগ্ন পদ্মা নদীতে স্থানীয় এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে মাছটি ধরা পড়ার পর দৌলতদিয়া মৎস্য আড়তে নেওয়া হলে সেটি দেখার জন্য উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে উন্মুক্ত নিলামে মাছটি ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বিজ্ঞাপন
মাছটির শিকারি স্থানীয় জেলে এরশাদ মণ্ডল জানান, প্রতিদিনের মতো সোমবার দিবাগত মধ্যরাতে সহযোগীদের নিয়ে তিনি পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। সারা রাত অপেক্ষার পর শেষ ভোরের দিকে জাল তোলার সময় তারা প্রচণ্ড টান অনুভব করেন। অনেক কসরত করে জাল নৌকায় তুলতেই দেখতে পান রুপালি রঙের বিশাল এক পাঙাশ মাছ ছটফট করছে। মাছটি ওজন দিয়ে দেখা যায় তার ওজন ২৫ কেজি।
সকাল হওয়ার সাথে সাথেই জেলে এরশাদ মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার একটি মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে মাছটি বিক্রির জন্য তোলা হলে শুরু হয় উন্মুক্ত নিলাম। মাছ ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয়রা উৎসুক হয়ে নিলামে অংশ নেন। শেষ পর্যন্ত ২ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
ক্রেতা চান্দু মোল্লা বলেন, পদ্মার এত বড় পাঙাশ সচরাচর দেখা যায় না। আড়তে নিলামের মাধ্যমে আমি মাছটি কিনেছি। এখন দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় শৌখিন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছি। আশা করছি কিছুটা লাভে মাছটি বিক্রি করতে পারব।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক সন্তোষ প্রকাশ করে বলেন, পদ্মা নদীতে মাঝেমধ্যেই এখন এমন বড় মাছ ধরা পড়ছে। মাছের উৎপাদন ও বংশবিস্তার বাড়াতে সরকার যে বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা জারি করে, সেগুলো মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের সুফল পাওয়া যাচ্ছে। জেলেরা সচেতন হওয়ায় এবং অভয়াশ্রমগুলো সংরক্ষিত থাকায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে, যা আমাদের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত ইতিবাচক।
বিজ্ঞাপন
উল্লেখ্য, পদ্মা ও যমুনার মোহনায় প্রায়ই এমন বড় আকৃতির পাঙাশ, বাঘাইড় বা কাতল মাছ ধরা পড়ার খবর পাওয়া যায়, যা স্থানীয় জেলেদের মুখে হাসি ফুটিয়ে তুলছে।
প্রতিনিধি/এসএস




