নাটোরের লালপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ নামে ৮ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আব্দুল্লাহ আল আমিন-আসমা খাতুন দম্পতির একমাত্র সন্তান ছিল।
সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক আল আমিন বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিদ্যুতের তারে আটকে অসহায়ভাবে চিৎকার করতে থাকেন তিনি। বাবার সেই আর্তনাদ শুনে ছোট্ট ছেলে আব্দুল্লাহ ছুটে আসে। পরিস্থিতির ভয়াবহতা না বুঝেই বাবাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাবাকে স্পর্শ করলে সেও বিদ্যুতের তীব্র ঝাঁকুনিতে আক্রান্ত হয়। এসময় মা আসমা খাতুন দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করে সাহসিকতার পরিচয় দেন। এতে আল আমিনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও গুরুতর আহত হয়ে পড়ে শিশু আব্দুল্লাহ। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




