বগুড়া-নওগাঁ ভায়া রাজশাহী আঞ্চলিক মহাসড়ককে জাতীয় মহাসড়কে উন্নীত করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৩০ হাজার যানবাহন চলাচল করে, যার মধ্যে প্রায় ১৫ হাজারই ভারী ও মাঝারি যানবাহন। ১২২ কিলোমিটার দীর্ঘ সড়কটির বর্তমান প্রস্থ ৩৪ ফুট হলেও কার্যত ভারী ও হালকা যানবাহনের জন্য ব্যবহারযোগ্য অংশ মাত্র ২৪ ফুট হওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৬৭-৬৮ সালে সড়কটি নির্মাণের সময় ১৬০ ফুট জায়গা অধিগ্রহণ করা হলেও তখন মাত্র ১৮ ফুট প্রস্থে সড়ক নির্মাণ করা হয়। পরবর্তীতে, ২০১৮ সালে উন্নয়ন কাজের সময় সড়কটি ২৪ ফুটে সম্প্রসারণ করা হয় এবং উভয় পাশে ৫ ফুট করে ভ্যান ও রিকশা চলাচলের জন্য আলাদা অংশ রাখা হয়।
বিজ্ঞাপন

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সড়কের দুই পাশে অসংখ্য শিল্প-কারখানা গড়ে ওঠায় যানবাহনের চাপ বহুগুণ বেড়ে যায়। এতে সড়কটির গুরুত্ব আরও বৃদ্ধি পায় এবং যানজট ও দুর্ঘটনার ঝুঁকি মারাত্মক আকার ধারণ করে। এ প্রেক্ষাপটে সরকার সড়কটিকে জাতীয় মহাসড়ক হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক জানান, এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যানবাহনের চাপ অনেক বেশি হলেও সড়কের প্রস্থ কম থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জাতীয় মহাসড়ক হিসেবে ঘোষণার ফলে আগামী ছয় মাসের মধ্যে বগুড়া থেকে সান্তাহার পর্যন্ত ৩৯ কিলোমিটার পর্যন্ত সড়কটি ছয় লেনে উন্নীতকরণসহ ডিভাইডার নির্মাণ এবং অন্যান্য উন্নয়ন কাজ শুরু করা হবে।
তিনি আরও জানান, সড়কটি প্রশস্ত হলে যান চলাচলের গতি বাড়বে, কমবে দুর্ঘটনা এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
এই সড়কে চলাচলকারী লোকজন ও পরিবহন সংশ্লিষ্টরা দ্রুত সড়ক উন্নয়ন কাজ শুরু করার দাবি জানিয়েছেন, যাতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়।
প্রতিনিধি/এসএস




