ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে ইমরান হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
স্বজনরা জানান, সোমবার রাত একটার দিকে এলাকায় বিদ্যুৎ চলে গেলে ইমরান হোসেন ঘর থেকে বাইরে যান। কিছুক্ষণ পর ঘরে ফিরে তিনি মাথা ঘোরার কথা জানান এবং অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের ধারণা, বিষধর সাপের কামড়েই তাঁর মৃত্যু হয়েছে। তার পায়ে সাপের কামড়ের চিহ্ন পাওয়া গেছে।
ইমরান হোসেন উপজেলার ত্রিলোচনপুর গ্রামের মধুপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে।
নিহতের মামা খলিলুর রহমান জানান, রাতে বিদ্যুৎ না থাকায় গরমে বাইরে বের হয় ইমরান। এসময় একটি সাপ তার ডান পায়ে কামড় দিলে চিৎকার করে ওঠে। এসময় বাড়ির অন্য সদস্যরা ছুটে গিয়ে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অ্যান্টিভেনম না থাকায় যশোর নেওয়া হয়। যশোর হাসপাতালে পৌঁছানোর পর রাত ৪টার দিকে ইমরান মারা যায়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে




