নোয়াখালীতে অটোরিকশায় মাইক বেঁধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আলাউদ্দিন (৩১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আলাউদ্দিন সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে।
বিজ্ঞাপন
এর আগে সোমবার সকালে আলাউদ্দিন অটোরিকশায় মাইক বেঁধে শহরের প্রধান সড়কে ঘুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান দিচ্ছিলেন। একপর্যায়ে তিনি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকলে স্থানীয় কয়েকজন তরুণ তাঁকে আটক করে মারধর করেন। এ সময় তাঁরা অটোরিকশার চালককেও চড়-থাপ্পড় দেন এবং অটোরিকশা থেকে মাইক ও অ্যাম্প্লিফায়ার খুলে নেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মাইকে স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। তবে তখন ওই যুবককে পাওয়া যায়নি। পরে ভিডিও ফুটেজ দেখে সন্ধ্যায় অভিযান চালিয়ে শহর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়টি অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর আগে বিভিন্ন সময়ে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। বর্তমানে সেখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দৃশ্যমান না থাকলেও ঘটনাটি জনমনে কৌতূহল সৃষ্টি করেছে।
এআর




